নিজস্ব প্রতিবেদক:ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হোসেনকে বদলি করা হয়েছে। ১৪ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে তাকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ থেকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার পেজে ধারাবাহিকভাবে প্রকাশিত সাভারের তেঁতুলঝোড়া ইউপি সচিব আমির হোসেনের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজনীতিক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জন অভিযোগ শিরোনামের আমির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার অনিয়ম, সরকারি কাজে প্রভাব বিস্তার, নাগরিক সেবা প্রদানে অনিয়ম এবং বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। এসব পোস্ট প্রকাশের পর বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, সরকারি বিধি লঙ্ঘন করে নামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নকাজে প্রভাব খাটানো, জন্মনিবন্ধন ও বিভিন্ন সনদ প্রদানসহ নাগরিক সেবায় অনিয়ম এবং দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পরিবারের এক সদস্যের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আমির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
এদিকে স্থানীয়দের একাংশের দাবি, বদলি হওয়ার মধ্যেই বিষয়টির সমাপ্তি হওয়া উচিত নয়। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রশাসনের জারি করা অফিস আদেশ অনুযায়ী মো. আমির হোসেনকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন পরিষদে সংযুক্ত করা হয়েছে।