নিজস্ব প্রতিবেদক:
পাটকেলঘাটা থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তা এসআই সোলেমান কবির ও এসআই কৃষ্ণকে ঘিরে অনুসন্ধানের দ্বিতীয় পর্বে নতুন কিছু অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, তাদের দায়িত্ব পালনকালে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক লেনদেনের অভিযোগ ছিল।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামের ইব্রাহিম ও নাঈম নামে দুই ব্যক্তিকে গভীর রাতে বাড়ি থেকে থানায় নিয়ে যান এই দুই পুলিশ কর্মকর্তা। অভিযোগ রয়েছে, পথিমধ্যে তাদের কাছে ৩ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে না চাইলে সোলেমান কবির ও কৃষ্ণপদ তাদের মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে নাঈমের নামে মোটরসাইকেল চুরি মামলা এবং ইব্রাহিমের নামে মোটরসাইকেল চুরি ও ডাকাতির মামলা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা এবং শিবিরের সাবেক নেতা হাসানুর রহমান হাসানের কাছ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেন সোলেমান কবির ও কৃষ্ণপদ পাল। অভিযোগ রয়েছে, প্রতি মাসে টাকা না দিলে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হতো।
অনুসন্ধানের অংশ হিসেবে আরও কিছু তথ্য, নথি ও ভিডিওচিত্র সংগ্রহের দাবি করেছেন অভিযোগকারীরা। এসব উপকরণের সত্যতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের কাজ চলছে। যাচাই-বাছাই সম্পন্ন হলে পরবর্তী পর্বে সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
এ বিষয়ে এসআই সোলেমান কবির ও এসআই কৃষ্ণের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
(চলবে — পর্ব ৩)