নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইলে একটি পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে আব্দুর রহিম নামে এক জামায়াত নেতাকে জখমে অভিযুক্তের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার সকালে পৌর এলাকার ডুমুরতলায় স্বয়ং অভিযুক্তের বাড়িতেই এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অভিযুক্তের বাবা ও বড় ভাই উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন ভুক্তভোগী আব্দুর রহিম, অভিযুক্তের বাবা কালিম মোল্যা ও ভাই রাজু মোল্যা বলেন, কালিম মোল্যার ছোট ছেলে আশিক মোল্যা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেসময় বাবার কাছে পাঠানো টাকাকে কেন্দ্র করে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। গত বৃহস্পতিবার (১১ জুন) সকালে সেই বিরোধ মেটাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডাকা হয়। এসময় আশিককে সেখানে ডাকলে তিনি না এসে গালিগালাজ করেন। বড় ভাই রাজু ওপর তেড়ে যান। রাজু তখন আশিককে সামন্য মারধর করেন।
এরপর বিরোধ মিমাংসার বৈঠক থেকে আশিক উঠে চলে যেতে চাইলে তার হাত ধরে বিরোধ মিমাংসার জন্য বসতে বলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। সঙ্গে সঙ্গে আশিকের অন্যহাতে থাকা ধারালো কোনো বস্তু দিয়ে আব্দুর রহিমের মাথা ও ঘাড়ে আঘাত করে। এসময় আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথম নড়াইল জেলা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আশিক। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আশিকের বিচারের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনকারীরা।
ঘটনার পর থেকে পলাতক থাকায় এ ব্যাপারে আশিকের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মুঠোফোন নম্বরের হোয়াটসঅ্যাপে কল দিলেও তিনি রিসিভ করেননি।