ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোরে ইরাকের কুর্দিস্থানে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার কড়ইচড়া ইউনিয়নের খলিল মন্ডলের ছেলে মনোহর আলী (৩৫) ও একই জেলার চরপাকেরদহ ইউনিয়নের মৃত আলাল উদ্দিনের ছেলে বজলুর রহমান (৪০)।নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, মনোহার আলী ৪ বছর পূর্বে জীবিকার তাগিদে ইরাক যান। আর দেড় বছর আগে একই কাজে সেখানে যান বজলুর রহমান। দুজনই সেখানে একটি কনফেকশনারি ফ্যাক্টরিতে কাজ করতেন। সোমবার ভোরে তারা ফ্যাক্টরির ডিউটি শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।নিহত মনোহর আলীর স্ত্রী সোমা আক্তার জানান, সোমবার ভোরে ইরাকে অবস্থানরত তাদের এক স্বজনের মাধ্যমে তার স্বামী মনোহর আলী ও সহকর্মী বজলুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পান।এদিকে, ইরাক প্রবাসী দুই শ্রমিকের মৃতুর খবরে মাদারগঞ্জের গ্রামের বাড়িতে এলাকাবাসী ভিড় করছেন। নিহতের স্বজনরা সরকারের মাধ্যমে মরদেহ দেশে আনার আবেদন জানান।এ ব্যাপরে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন দুইজন ইরাক প্রবাসী শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।