নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
আজ ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে আন্তরিকভাবে পরিচিত হন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি, অপরাধ দমন এবং দুর্নীতিবিরোধী অবস্থান তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, “সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন। তাই সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের যথাযথ সম্মান, সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে।” মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারির কথা জানান তিনি।পুলিশ সুপার দৃঢ় কণ্ঠে বলেন, সাতক্ষীরায় কোনো ধরনের সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি কিংবা অপরাধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “অপরাধীদের জন্য পুলিশ হবে আতঙ্কের নাম, আর সাধারণ মানুষের জন্য হবে আস্থার ঠিকানা।”সভায় তিনি আরও জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত ও আধুনিক পুলিশি সেবা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ও মানবিক পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অবক্ষয় এবং গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।জেলার সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, একজন দক্ষ, সৎ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তার নেতৃত্বে জেলা পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করবে।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।