নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নামে ৫০ হাজার টাকা গ্রহণের যে অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী।
প্রতিবাদকারীরা বলেন, কোনো সুনির্দিষ্ট প্রমাণ, তথ্য বা তদন্ত ছাড়াই একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের মতো গুরুতর অভিযোগ ছড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। একটি মহল পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তারা মনে করেন।
তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা একজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার শুধু ব্যক্তিগত সম্মানহানিই নয়, পুরো পুলিশ প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।
সচেতন মহল জানান, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে প্রমাণসহ উপস্থাপন করা উচিত। কিন্তু যাচাই-বাছাই ছাড়া অনলাইন মাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এলাকাবাসী অবিলম্বে দেবহাটা থানার ওসি আব্দুল আলিমের নামে ৫০ হাজার টাকা গ্রহণের মিথ্যা অভিযোগ প্রচার বন্ধ, প্রকৃত তথ্য উদঘাটন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তারা দায়িত্বশীল সংবাদ প্রকাশ ও গুজব রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।