নিজস্ব প্রতিবেদক:খুলনা ও যশোর অঞ্চলে স্বর্ণ পাচারসহ একাধিক গুরুতর অভিযোগে আলোচিত নাম মীর শাহিন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে স্বর্ণ পাচার, ভূমি দখল, প্রভাব খাটানো ও আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও এখনো গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দিন দিন বাড়ছে।স্থানীয়দের দাবি, বারবার স্বর্ণসহ আটক হওয়ার অভিযোগ উঠলেও রহস্যজনকভাবে প্রতিবারই তিনি ছাড়া পেয়ে যান। এতে করে তার পেছনে শক্তিশালী কোনো প্রভাবশালী চক্র রয়েছে কি না সে প্রশ্ন এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।অভিযোগ রয়েছে, ‘তুবা পাইপ’ ও স্বর্ণ ব্যবসার আড়ালে গড়ে ওঠা তার আর্থিক সাম্রাজ্য ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, বিলাসবহুল গাড়ি ও অর্থের দাপটে এলাকায় প্রভাব বিস্তার করে তিনি কার্যত আইনের ঊর্ধ্বে অবস্থান করছেন।শুধু তাই নয়, স্বর্ণ ব্যবসা কেন্দ্রিক আলোচিত ফারুক হত্যা মামলায় তার নাম আসার পরও এখনো দৃশ্যমান কোনো আইনি অগ্রগতি না থাকায় জনমনে আরও সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে তার পরিবারের বিরুদ্ধেও ভূমি দখল, প্রভাব খাটানো ও সাংবাদিক হেনস্তার মতো গুরুতর অভিযোগ রয়েছে।এদিকে ‘তুবা পাইপ’ প্রতিষ্ঠানের মাধ্যমে রাজস্ব ফাঁকির অভিযোগও তদন্তের দাবি তুলেছে সচেতন মহল। তবে এতসব অভিযোগের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মনে প্রশ্ন—কিসের জোরে বারবার পার পেয়ে যাচ্ছেন মীর শাহিন?
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এলাকাবাসীর সরাসরি প্রশ্ন—অভিযোগের পর অভিযোগ জমলেও কেন গ্রেপ্তার হচ্ছেন না মীর শাহিন? প্রশাসনের নীরবতার পেছনে কী রয়েছে?
আর কতদিন এভাবে আইনের বাইরে থেকে যাবেন তিনি?