অনলাইন ডেস্ক;চাঁদপুরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই অপর বন্ধুর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর।সোমবার (২০ এপ্রিল) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামের ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।জানা যায়, আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের একজন পেশায় কাঠমিস্ত্রি এবং অপরজন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন এবং আবার এলাকায় কেউ মারা গেলে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। দুই বন্ধুর খোঁড়া কবরের সংখ্যা শতাধিক বলে জানা গেছে।সোমবার সকালে বাচ্চু পাটওয়ারী নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে আবুল হাশেম বন্ধুর দাফনের জন্য কবর খুঁড়তে কবরস্থানে যান। কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ করেই কবরের ভেতরে লুটিয়ে পড়েন আবুল হাশেম। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপরে তোলা হলে দেখা যায়, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।