নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সড়ক নির্মাণ ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার আনু মাস্টারের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, বিভিন্ন সময়ে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নের নামে নিম্নমানের নির্মাণকাজ, অনিয়মিত বিল উত্তোলন এবং প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মেসার্স রশ্নি এন্টারপ্রাইজ’ নামে লাইসেন্সধারী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় উপজেলার বিভিন্ন সড়কের কাজ বাস্তবায়ন করা হয়েছে, যার সঙ্গে ঠিকাদার আনু মাস্টার জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে, যার ফলে অল্প সময়ের মধ্যেই অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।এলাকাবাসী জানান, কিছু সড়ক সংস্কারের পরপরই ভেঙে গেছে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়রা একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।আরও অভিযোগ রয়েছে, পূর্ববর্তী রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে আনু মাস্টার একাধিক প্রকল্পের কাজ বাগিয়ে নেন এবং দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগী কয়েকজন বলেন, “রাস্তার কাজ ঠিকমতো হয়নি। অল্প কিছুদিনেই রাস্তা নষ্ট হয়ে গেছে। আমরা অভিযোগ করলেও কোনো প্রতিকার পাইনি।”অভিযোগের বিষয়ে ঠিকাদার আনু মাস্টারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন।সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সড়ক নির্মাণে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি ভবিষ্যতে উন্নয়ন কাজের মান নিশ্চিত করতে কঠোর তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।