নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালী ইউনিয়নের দলুয়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকের রাজত্ব চালিয়ে আসছিলেন রানা। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ থাকলেও সাম্প্রতিক সময়ে তার ওপর নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খলিশখালী ক্যাম্পের এএসআই বি.এম. তৌহিদুজ্জামান এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার ভাড়া বাসা থেকে ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগেও রানা ও তার স্ত্রী ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। অন্যদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে কয়েকদিন আগে একই এলাকায় পৃথক অভিযানে শম্ভু সানা (৪০), পিতা: নিতাই সানা, সাং দূগাপুর গাছা নামের এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
স্থানীয়রা জানান, “মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খলিশখালী ক্যাম্পের এএসআই বি.এম. তৌহিদুজ্জামান সাহসিকতার সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন, যা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।”
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “মাদকের গডফাদার” আখ্যা দিয়ে স্থানীয় ডিস ব্যবসায়ী মঙ্গলকে জড়িয়ে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা যায়, এটি একটি কুচক্রী মহলের অপপ্রচার। তদন্তে প্রমাণিত হয়েছে, ব্যবসায়ী মঙ্গল দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন এবং তিনি একটি মাদকমুক্ত সমাজ গঠনের পক্ষে সক্রিয়ভাবে মত প্রকাশ করে থাকেন।