আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ৭ বস্তা চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তার চেউটিয়াস্থ ব্যক্তিগত অফিস থেকে ওই চাল উদ্ধার করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ঈদের আগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু নিয়ম অনুযায়ী নির্ধারিত উপকারভোগীদের মাঝে ঈদের পূর্বেই চাল বিতরণের কথা থাকলেও অভিযোগ রয়েছে, এবারের বরাদ্দকৃত চাল সময়মতো বিতরণ না করে ঈদের প্রায় ১০ দিন পরও অফিসে গোপন অবস্থায় রাখা হয়।
এ ঘটনা প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন বুলু এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত এই সহায়তা বিতরণ না করে অফিসে আটকে রাখা অনৈতিক ও দুঃখজনক।
অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, ২১ জন উপকারভোগীর বরাদ্দকৃত ৭ বস্তা চাল বিতরণের সময় কিছু প্রশাসনিক জটিলতার কারণে সংরক্ষণ করে রাখা হয়েছিল। বিষয়টি তৎকালীন ইউএনও, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পিআইও অবগত ছিলেন বলেও তিনি দাবি করেন।
তবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু জানান, এ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।