সাতক্ষীরা অফিস:
বিভিন্ন অভিযোগ ও বিতর্কের বোঝা নিয়েই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ও নেফ্রোলজি বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেছেন ডা. ফয়সাল আহমেদ। তার যোগদানকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার ডা. ফয়সাল আহমেদ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন। তিনি হাসপাতালের নেফ্রোলজি বিভাগে দায়িত্ব পালন করবেন।তবে স্থানীয় বিভিন্ন মহলের অভিযোগ, অতীত কর্মস্থলে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও বিতর্কিত কর্মকাণ্ডের নানা অভিযোগ উঠেছিল। সেই অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত বা নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও তাকে আবারও গুরুত্বপূর্ণ পদে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।কয়েকজন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকের দাবি, মোটা অংকের অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে তিনি আবারও সাতক্ষীরায় পদায়ন নিয়ে যোগদান করেছেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের মতে, স্বাস্থ্যসেবা মানুষের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ খাত। সেখানে বিতর্কিত ও অভিযোগে জর্জরিত কোনো কর্মকর্তার পুনরায় দায়িত্ব পাওয়া জনমনে আস্থাহীনতা সৃষ্টি করছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীতে যার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, তার মাধ্যমে সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হতে পারেন।
উল্লেখ্য, এর আগে ডা. ফয়সাল আহমেদ মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগের দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডা. ফয়সাল আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।