সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার সরুলিয়া ইউনিয়নে ভূমি অফিসের নায়েব নায়েব তারকের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক ব্যক্তি ও সচেতন মহলের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সেই সম্পদের একটি অংশ পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করেছেন।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, নায়েব তারক প্রভাব খাটিয়ে বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণ, ভূমি সংক্রান্ত কাজে অনিয়ম, অবৈধ লেনদেন এবং সরকারি বিধি লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন। এমনকি তার নিজের নামে ও ঘনিষ্ঠজনদের মাধ্যমে ভারতে সম্পদ গড়ে তোলার অভিযোগও সামনে এসেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয়রা আরও অভিযোগ করেন, এসব অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রভাবশালী পরিচয়ের কারণে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাননি। তবে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সচেতন মহল একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এ প্রসঙ্গে অভিযুক্ত নায়েব তারকের বক্তব্য জানার চেষ্টা করা হলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।