সাতক্ষীরা প্রতিনিধি :PBI (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম আনিস বিশ্বাস। এ ঘটনায় ভুক্তভোগী জাতীয় দৈনিক সরজমিন বার্তা ও মানবাধিকারী প্রতিদিনের সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আনিস বিশ্বাস নিজেকে কখনো আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, কখনো প্রভাবশালী প্রশাসনিক ব্যক্তির পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করে আসছে। সে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া আইডি ও নম্বর ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।সাম্প্রতিক ঘটনায় গত ৫ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে একটি অপরিচিত নম্বর (০১৩৩৬১৭৩০৩৭) থেকে ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। সেখানে PBI-এর লোগো সংবলিত একটি হোয়াটসঅ্যাপ প্রোফাইল ব্যবহার করে অভিযুক্ত আনিস বিশ্বাস ভুক্তভোগীর নামে নাকি একটি “লিখিত অভিযোগ” রয়েছে—এমন দাবি করে দ্রুত রাজশাহীতে হাজির হয়ে বিষয়টি “মীমাংসা” করার জন্য চাপ প্রয়োগ করে। অন্যথায় হয়রানিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, এর আগেও আনিস বিশ্বাস তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা ও অপপ্রচার চালিয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে আসছে। অভিযোগপত্রে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো সাংবাদিক বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন, কিন্তু প্রশাসনের বিভিন্ন দপ্তরের নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা চালিয়ে যাচ্ছেন।ভুক্তভোগী জানান, হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটসহ প্রয়োজনীয় সকল তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে এবং সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে।এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি তদন্ত সংস্থার লোগো ব্যবহার করে এ ধরনের ব্ল্যাকমেইলিং ও প্রতারণা অত্যন্ত গুরুতর অপরাধ। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষ আরও হয়রানির শিকার হতে পারে।