তূর্য হোসেন স্টাফ রিপোর্টার :
আজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় কুষ্টিয়ার ভেড়ামারাস্থ ঢাকা কোচ স্ট্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের আওতায় সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন ভেড়ামারা উপজেলাআওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, যুবলীগ ভেড়ামারা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভেড়ামারা দক্ষিণ রেল গেট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ৩৬০০মিটার দীর্ঘ্য এবং ১৮ ফুট প্রশস্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়। সড়কের চুক্তিমূল্য ৯০ লক্ষ টাকা। উল্লেখ্য সড়কটির বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ার কারণে পথচারী ও যানবাহনে চলাচলকারীদের জন্য বিঘ্ন ও ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ও সরকারের যথাযথ কর্তৃপক্ষের আন্তরিকতায় দ্রুত সড়কের সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করা হয়। আশা করা হচ্ছে, সড়কটির সংস্কার কাজ শেষ হলে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালক ও যাত্রীদের অনেক সুবিধা হবে।