
নড়াইল জেলা প্রতিনিধি।নড়াইলে মাদ্রাসার আবাসিক ছাত্রাবাসে অসুস্থ হয়ে সৈয়দ সুলায়মান ইসলাম (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, শিক্ষকের মারধরের পর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। নিহত সৈয়দ সুলায়মান ইসলাম (১২) নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের মারকাযুল কুরআন নড়াইল এর শিক্ষার্থী। সে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরাম আলির ছেলে। বুধবার ভোরে অসুস্থ হয়ে পড়লে সুলায়মানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার শিক্ষক ইউসুফ হায়দার, হাসিবুর রহমান ও ফাহাদ শেখকে আটক করেছে পুলিশ।
নিহত সোলাইমানের বাবা সৈয়দ ইকরামুল বলেন, মাদ্রাসার পক্ষ থেকে বুধবার সকালে আমাদের জানানো হয় সোলাইমান অসুস্থ। খবর পেয়ে আমরা মাদ্রাসায় গিয়ে আমার অসুস্থ ছেলেকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করি।এখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আমার ছেলেকে নির্যাতন করার কারণে সে অসুস্থ হয়ে মারা গেছে বলে তাঁর অভিযোগ।
এবিষয়ে মারকাযুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন বলেন, মাদ্রাসার কোনো শিক্ষক সেলাইমান নামের ওই ছাত্রকে কোনো প্রকার নির্যাতন করে নাই। ডাক্তারী পরীক্ষায় নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া গেলে এবং নির্যাতনের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে আইনানুযায়ী যে কোনো শাস্তি মেনে নেব।
এবিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল ইসলাম বলেন, ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার তিন শিক্ষককে আটক করা হয়েছে।