সামিউল মনির;শ্যামনগর (সাতক্ষীরা) ॥
সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ নম্বর পোল্ডারের উপকুল রক্ষা বাঁধ ছিদ্র করে পাইপ বসানো হয়েছে। উপজেলার নওয়াবেঁকী খেয়াঘাঁটের দক্ষিনপাশের্^ জামান ব্রিকস সংলগ্ন কুপোট গ্রামে এমন কাজটি করেছে স্থানীয় শাহাদাৎ হোসেনের ছেলে সোহেল তাজ। বাঁধের ভিতরের অংশে নির্মিত বালুর ‘বেড়’ থেকে পানি নিস্কাশনের জন্য গত ১০/১২ দিন পুর্বে শ্রমিকদের নিয়ে তিনি বাঁধসহ চর কেটে উক্ত পাইপ স্থাপন করেন।
কুপোট গ্রামের জহিরুল ইসলাম ও স্বরজিৎ মন্ডলসহ স্থানীয়রা জানান খোলপেটুয়া নদীর তীরে তাদের বসবাস। প্রতিবছরই খোলপেটুয়া নদীর বিভিন্ন অংশের চর দেবে যেয়ে উপকুল রক্ষা বাঁধ ভাঙনের মুখে পড়ছে। যার প্রেক্ষিতে বাঁধ কেটে বা ছিদ্র করে চিংড়ি চাষসহ যেকোন কাজের বিরুদ্ধে উচ্চ আদালত স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছে। এমন সময়ে বালুর আড়ৎ তৈরীর জন্য বাঁধ কেটে তার নিচ নিয়ে ১০ ইঞ্চি পাইপ বসিয়েছে সোহেল তাজ। এসময় চর কেটে তার নিচেও পাইপ স্থাপন করা হয়েছে বলেও দাবি করেন এসব গ্রামাবাসী। বাঁধ কাটার সময় নিষেধ করলে তাদেরকে চাঁদাবাজীর মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে উক্ত সোহেল।
এবিসয়ে সোহেল তাজ জানান তিনি বাঁধের ভিতরের কিছু জমি ইজারা নিয়ে বালুর আড়ৎ গড়ে তুলেছে। নদী থেকে আনা বালুতে পানি থাকে। সেই পানি যেন সড়কসহ আশপাশের বসতবাড়িতে প্রবেশ না করে সেজন্য বাঁধের ভিতর দিয়ে পাইপ বসিয়েছি। তাতে বাঁধের কোন ক্ষতি হবে না-উল্লেখ করেন সোহেল তাজ আরও জানান অপর বালু ব্যবসায়ীরাও চরের মধ্যে পাইপ বসিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট পোল্ডারের উপ-সহকারী প্রকৌশলী সুমন রায় জানান বিষয়টি আগে কেউ জানায়নি। এভাবে বাঁধ ছিদ্র করার কোন সুযোগ নেই। সেখানে লোক পাঠানো হচ্ছে। সত্যতা মিললে ব্যবস্থা নেয়া হবে।