নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার দেওয়ানীপাড়া গ্রামে কথিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দিদার মোড়ল ও তার ভাইপো জাহাঙ্গীর মোড়লের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় ওয়ার্ড বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয়রা জানান, অভিযুক্ত দিদার মোড়লের বিরুদ্ধে এর আগেও কোটি টাকা আত্মসাৎ, অস্ত্র মামলা ও জমি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে তারা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে দিদার মোড়ল ও জাহাঙ্গীর মোড়লের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সচেতন মহল বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।