নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার তালা উপজেলা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে উঠে এসেছে আরও বিস্তৃত ও উদ্বেগজনক তথ্য। নতুন অনুসন্ধানে জানা গেছে, অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা নাজির নুরুল আমিনের প্রভাব শুধু অফিসকেন্দ্রিক নয়—বরং তা ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন এলাকায়।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জাতপুর বাজার এলাকায় নুরুল আমিনের নামে ও বেনামে গড়ে উঠেছে কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি এবং অন্তত দুটি বাণিজ্যিক দোকান। এসব সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি এসব সম্পদের কোনো গ্রহণযোগ্য উৎস এখনো উপস্থাপন করতে পারেননি।
অনুসন্ধানে আরও জানা যায়, ভূমি অফিসের সেবা—যেমন নামজারি, খারিজ, পর্চা উত্তোলনসহ বিভিন্ন কাজে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের নেতৃত্বে থেকে নুরুল আমিন নিয়মিতভাবে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা না দিলে সেবা পেতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে ফাইল ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন আটকে রাখা, অযথা জটিলতা তৈরি এবং একাধিকবার অফিসে ঘোরানোর অভিযোগও রয়েছে।
এদিকে, স্থানীয়দের মধ্যে ভীতি ও চাপের পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, নুরুল আমিনের প্রভাব এতটাই শক্তিশালী যে, তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। অভিযোগ করলে উল্টো হয়রানি বা প্রতিশোধের শিকার হওয়ার আশঙ্কায় অনেকেই নীরব থাকেন।
সচেতন মহলের মতে, এ ধরনের অভিযোগ শুধুমাত্র একটি ব্যক্তিকে ঘিরে নয়—বরং পুরো ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলে দেয়। তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
(চলবে…)