বিষয়: দৈনিক ইনকিলাবে ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত “লজিং মাস্টার থেকে কোটিপতি: ধামসোনার বিদায়ী ইউপি সচিব আজাদের আলাদিনের চেরাগ!” শীর্ষক সংবাদের প্রতিবাদ।
১৫ জুলাই ২০২৬ তারিখে দৈনিক ইনকিলাবে প্রকাশিত “লজিং মাস্টার থেকে কোটিপতি: ধামসোনার বিদায়ী ইউপি সচিব আজাদের আলাদিনের চেরাগ!” শীর্ষক সংবাদে আমার সম্পর্কে যে সকল অভিযোগ, তথ্য ও বক্তব্য প্রকাশ করা হয়েছে, তার অধিকাংশই একপাক্ষিক, বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং আমার ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে।
সংবাদে আমাকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক, অনিয়মের মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রদানকারী এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ এসব অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। আমারআইনসম্মতভাবে অর্জিত সম্পদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এছাড়া ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে প্রচলিত বিধি-বিধান ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব পালন করা হয়েছে। সংবাদে যেভাবে ঘটনাগুলো উপস্থাপন করা হয়েছে, তা প্রকৃত তথ্যের প্রতিফলন নয় এবং এতে পাঠকদের বিভ্রান্ত করা হয়েছে।
আমি দৃঢ়ভাবে দাবি করছি, প্রকাশিত সংবাদের অভিযোগসমূহ যথাযথ তদন্ত ছাড়া সত্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। তাই উক্ত সংবাদের বিভ্রান্তিকর অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী
আবুল কালাম আজাদ
সচিব (প্রশাসনিক কর্মকর্তা)
বনগাঁও ইউনিয়ন পরিষদ, সাভার, ঢাকা।