নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় কথিত সুদখোর মুনসুরের বিরুদ্ধে ভয়াবহ শোষণ ও প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উচ্চ সুদের লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষকে ঋণের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করে দিচ্ছেন তিনি। এতে করে ইতোমধ্যে হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীদের অভিযোগ, শুরুতে সহজ শর্তে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মুনসুর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঋণ দেন। পরে সেই ঋণের ওপর অস্বাভাবিক হারে সুদ চাপিয়ে দেন, যা পরিশোধ করা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়ে। ফলে অনেকেই তাদের জমি-জমা, গবাদিপশু এমনকি বসতবাড়িও হারিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সুদের টাকার চাপ সামলাতে না পেরে অনেক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। আবার কেউ কেউ চরম হতাশায় মানবেতর জীবনযাপন করছেন।এক ভুক্তভোগী জানান, “প্রথমে অল্প টাকায় সাহায্য করার কথা বলে টাকা দেন। পরে সুদের চাপ এত বেড়ে যায় যে, আমরা আর সামলাতে পারিনি। এখন সবকিছু হারিয়ে পথে বসেছি।”অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কোনো প্রতিকার মিলছে না। স্থানীয় প্রশাসনের নজরদারির অভাব এবং প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুনসুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সুদখোরদের এমন অবৈধ কার্যক্রম বন্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। একইসঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তারা।