সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বলফিল মোড় এলাকায় অবস্থিত ভাগ্যকুল মিষ্টির ভান্ডার-এ দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে মিষ্টি উৎপাদন ও বিক্রির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালিক শুভ পদ (শিবু পদ নামেও পরিচিত) প্রশাসনিক জরিমানা উপেক্ষা করেই তার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একাধিকবার ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে জরিমানা করলেও কোনোভাবেই থামছে না এই অবৈধ কার্যক্রম। বরং জরিমানাকে তুচ্ছ করে মালিক শুভ পদ প্রকাশ্যে বলেছেন,
“জরিমানা যা হবে, তার ডবল আমি কামিয়ে নেব।”মিষ্টি খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ
ভাগ্যকুল মিষ্টির ভান্ডারের তৈরি মিষ্টি খেয়ে সাতক্ষীরা সহ আশপাশের বিভিন্ন জেলায় একাধিক মানুষ অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক পথচারী জানান,
“ভাগ্যকুল মিষ্টির ভান্ডার থেকে মিষ্টি নিয়ে বাসায় যাওয়ার পর আমার পরিবারের চারজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি দোকান মালিককে জানালে তিনি বলেন, এসব কথা কাউকে জানানো যাবে না, আমি আপনার খরচ বহন করব।”এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, এ ধরনের আচরণ প্রমাণ করে মালিক নিজেই জানেন তার মিষ্টি স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
নোংরা পরিবেশে উৎপাদন
অনুসন্ধানে দেখা যায়, ভাগ্যকুল মিষ্টির ভান্ডারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। নেই কোনো স্বাস্থ্যসম্মত ব্যবস্থা, নেই যথাযথ সংরক্ষণ পদ্ধতি। তবুও প্রতিদিন বিপুল পরিমাণ মিষ্টি বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষের কাছে।
মালিকপক্ষের বক্তব্য
এ বিষয়ে ভাগ্যকুল মিষ্টির ভান্ডারের মালিক শুভ পদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং স্পষ্ট কোনো বক্তব্য দিতে রাজি হননি।