আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে ভারত এই মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ করতে চায় না বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।তিনি বলেছেন, ‘অপারেশন সিন্দুর’ একটি চলমান অভিযান। অবশ্য ভারত এই মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ করতে চায় না। তবে পাকিস্তান যদি আক্রমণ করে সেক্ষেত্রে ভারতও পাল্টা আক্রমণ করবে।”
বৃহস্পতিবার এক সর্বদলীয় বৈঠকে তিনি এ কথা বলেন। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে বিমান হামলা চালায় ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিন্দুর’। ভারতের এই সামরিক অভিযানে পাকিস্তানে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যারা সবাই বেসামরিক নাগরিক।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার রাতের হামলা সম্পর্কে তথ্য জানিয়েছেন সর্বদলীয় বৈঠকে। তবে পরিস্থিতির সংবেদনশীলতার কারণে সরকার সব তথ্য প্রকাশ করছে না বলে জানান তিনি।