ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে উপসাগরীয় দেশ বাহরাইনে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) এ তথ্য জানিয়েছে।বিএনএর প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে ওই ১৫ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর বাহরাইনে সক্রিয় একটি ইরানপন্থী গুপ্তচর নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে দাবি কর্তৃপক্ষের।এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিরা সামাজিকযোগাযোগমাধ্যমে সক্রিয় ইনফ্লুয়েন্সার। তারা বিভিন্ন উসকানিমূলক ভিডিও ও কনটেন্ট প্রকাশের মাধ্যমে বাহরাইনের নাগরিকদের ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে উৎসাহিত করছিল। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য সদস্য সংগ্রহেও তারা ভূমিকা রাখছিল বলে অভিযোগ করা হয়েছে।বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। সর্বশেষ তিন দিন আগে বাহরাইনের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।