
নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইলর কালিয়া চাচুড়ি বাজার এলাকায় দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ইটভাঙার কাজে ব্যবহৃত ট্রলির চালক মুত্তাকাব্বির সরদার (১৮) নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাচুড়ি বাজারে তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুত্তাকাব্বির কালিয়ার কদমতলা গ্রামের আসগর সরদারের ছেলে।স্থানীয়রা বলেন, বুধবার দুপুরে নড়াইল-কালিয়া সড়কের চাচুড়ি বাজার এলাকায় একটি দোকানের মালামাল খালাসের জন্য ট্রাকটি দাড়িয়ে ছিল। এ সময় মুত্তাকাব্বির কালিয়া থেকে চাচুড়ির দিকে আসার পথে সেতু থেকে নামার সময় ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় ট্রলি চালক মুত্তাকাব্বিরের মাথা থেতলে ঘটনাস্থলে মারা যান। তবে ট্রলিতে থাকা চালকের সহকারী রক্ষা পান।
এবিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।