নিজস্ব প্রতিবেদকঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার ব্যবস্থায় দায়িত্ব পালন করে আসছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। ১৯৯৫ সালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করা এই কর্মকর্তা বর্তমানে ধামসোনা ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছেন সততা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে।২০২৫ সালের জুন মাসে ধামসোনা ইউনিয়নে যোগদানের পর থেকেই নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিদিন ইউনিয়ন পরিষদে আগত সাধারণ মানুষ জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা গ্রহণ করছেন দ্রুত ও নিয়মতান্ত্রিকভাবে।স্থানীয় সূত্রে জানা যায়, বহুল জনগোষ্ঠীর এই ইউনিয়নে সেবার চাপ তুলনামূলক বেশি হলেও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ দায়িত্ব পালনে আন্তরিকতার পরিচয় দিচ্ছেন। বিশেষ করে সরকারি নিয়ম মেনে কর ও রাজস্ব আদায় কার্যক্রম তদারকি, হিসাব সংরক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।এ বিষয়ে মোঃ আবুল কালাম আজাদ বলেন, “ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমার মূল দায়িত্ব হচ্ছে সরকারি নীতিমালা অনুসরণ করে নাগরিক সেবা নিশ্চিত করা। কর আদায়ের ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা সরাসরি টাকা আদায় করেন না, বরং কর আদায়কারীদের কার্যক্রম তদারকি ও প্রশাসনিক সহায়তা প্রদান করেন।”তিনি আরও জানান, হোল্ডিং ট্যাক্স, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর নির্ধারণ, ডিমান্ড নোটিশ ইস্যু, রশিদ প্রদান এবং আদায় কার্যক্রম সরকারি বিধি অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। এছাড়া জন্ম-মৃত্যু নিবন্ধন ফি সরকারি কোষাগারে জমা প্রদান এবং ট্রেড লাইসেন্স সংক্রান্ত কার্যক্রমও নিয়ম মেনে সম্পন্ন করা হয়।
প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে কর আদায়কারীদের দায়িত্ব বণ্টন, আদায়ের টার্গেট নির্ধারণ, দৈনিক হিসাব যাচাই, ক্যাশবুক সংরক্ষণ এবং বকেয়া কর আদায়ের জন্য নোটিশ প্রস্তুতের কাজও নিয়মিত করা হয় বলে জানান তিনি। প্রতি মাসে রাজস্ব আদায়ের প্রতিবেদন উপজেলা প্রশাসনে পাঠানো হয় বলেও উল্লেখ করেন।
এছাড়াও ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্যে হাট-বাজার ইজারা, দোকানঘর ও সম্পদ ব্যবস্থাপনায় প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি উন্নয়ন প্রকল্প যেমন এডিপি, কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, “ট্যাক্স আদায়ের প্রতিটি হিসাব রশিদ ও ভাউচারের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং মাসিক হিসাব বোর্ড সভায় উপস্থাপন করা হয়। নাগরিক চাইলে আয়-ব্যয়ের হিসাব দেখানোর ক্ষেত্রেও কোনো বাধা নেই।”এদিকে সামাজিক নিরাপত্তা কার্যক্রমেও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। প্রতি মাসে ভিজিডি ও বিডব্লিউবি কার্ডধারীদের খাদ্যশস্য বিতরণ, ঈদ উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের তালিকা প্রস্তুত এবং সরকারি সহায়তা বিতরণে সহযোগিতা করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন তিনি।স্থানীয় বাসিন্দাদের মতে, সেবামূলক মনোভাব ও দায়িত্বশীল কর্মকাণ্ডের কারণে ধামসোনা ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।