তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসকে ঘিরে একের পর এক অভিযোগ উঠেই চলেছে। ঘুষ বাণিজ্য, দালালচক্র, ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে অফিসটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
অভিযোগের কেন্দ্রে থাকা অফিসের নাজির নুরুল আমিনের বিরুদ্ধে ইতোমধ্যে এক নারী শিক্ষকের সঙ্গে অফিস কক্ষে বসে অনৈতিক সম্পর্ক ও ব্যক্তিগত ঘনিষ্ঠতার নানা তথ্য পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে। বিষয়টি নিয়ে অফিসপাড়াসহ এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় অফিসকেই ব্যক্তিগত সম্পর্কের আড্ডাখানায় পরিণত করা হয়েছে।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। একটি ভূমি সংক্রান্ত বিষয় নিষ্পত্তির নামে প্রায় ১০ লাখ টাকা লেনদেনের অভিযোগ নিয়ে ইতোমধ্যে স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, অফিসে সাধারণ মানুষ সেবা নিতে গেলে দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অর্থ আদায় করা হয়। টাকা ছাড়া অনেক ক্ষেত্রে ফাইল নড়াচড়াও হয় না। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয় সচেতন মহল বলছে, একটি গুরুত্বপূর্ণ সরকারি অফিসে এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।