নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী সাব-রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন নাইডগাড আব্দুল হালিম। দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়ার পরও তার কার্যক্রম থেমে নেই—বরং দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামকাটী ইউনিয়ন যুবলীগের নেতা পরিচয়ে পরিচিত আব্দুল হালিম একটি নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। অভিযোগ রয়েছে, অর্থের প্রভাব খাটিয়ে তালা থানা প্রশাসনকে ম্যানেজ করেই তিনি বহাল তবিয়তে চলাফেরা করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার তাকে নিয়মিত ইসলামকাটী সাব-রেজিস্ট্রি অফিসের আঙ্গিনায় দেখা যায়। তার উপস্থিতিতে সাধারণ মানুষ ও মহুরীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, যেকোনো সময় পুনরায় দালালচক্র সক্রিয় হয়ে উঠতে পারে।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কথিত সাব-রেজিস্ট্রারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে আব্দুল হালিম অফিসটিকে কার্যত ঘুষ বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত করেছিলেন। জমি রেজিস্ট্রির কাজে আসা সাধারণ মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।এভাবেই স্বল্প সময়ে বিপুল সম্পদের মালিক বনে যান তিনি। গ্রামে জমি কিনে নির্মাণ করেছেন আলিশান বাড়ি, যা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। তার এই সম্পদের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও কৌতূহল দুই-ই বিরাজ করছে।
বর্তমানে তার পুনরায় অফিস এলাকায় ঘোরাফেরা করায় সেবাগ্রহীতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মহুরীসহ সংশ্লিষ্ট অনেকেই বলছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে আবারও দালালচক্র সক্রিয় হয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।