তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার ৭নং ইসলামকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ খসরুল আলমের বিরুদ্ধে রাস্তা সংস্কারের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত ওয়ার্ডে একটি পুরাতন রাস্তা সংস্কার ও সুরক্ষার জন্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, বাস্তবে মাত্র প্রায় ২০ হাজার টাকার কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি অর্থ যথাযথ কাজে ব্যয় না করে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।এলাকাবাসীর দাবি, রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে নাজুক থাকলেও পূর্ণাঙ্গ সংস্কার করা হয়নি। সামান্য কিছু কাজ করে পুরো বরাদ্দ দেখানো হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।একাধিক ভুক্তভোগী জানান, “রাস্তার কাজ ঠিকমতো হয়নি। বরাদ্দের পুরো টাকা খরচ হলে রাস্তার এমন অবস্থা থাকার কথা নয়।”তবে এ বিষয়ে অভিযুক্ত মেম্বার মোঃ খসরুল আলমের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।