নিজস্ব প্রতিবেদক;সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে একটি কালিমন্দিরে ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এবং সুভাষ দাস নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।আহত সুভাষ দাস জানান, গত ১৫ থেকে ২০ বছর ধরে তারা ওই মন্দিরে পূজা করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে মন্দিরের জমি নিয়ে স্থানীয় সুজন সরকার (২৮), সুমন সরকার (৩০), পিতা রনজিত সরকার এবং গোপালী সরকারসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় মন্দির ভাঙচুর ও সম্পত্তি দখলের হুমকি দিয়ে আসছিল।অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ফতেপুর কালিমন্দিরে হামলা চালায়। এ সময় তারা মন্দিরে ব্যাপক ভাঙচুর চালায় এবং দেবীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের টিকলি, যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা, লুট করে নিয়ে যায়।সুভাষ দাস বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। তাকে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা।পরে স্থানীয় রিয়া দাস, উজ্জা দাসসহ আরও অনেকে এগিয়ে এসে আহত সুভাষ দাসকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্তের পরে বিস্তারিত জানানো হবে