মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।এরই ধারাবাহিকতায় বুধবার (৩ জুন) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।এ ঘটনায় আরও কয়েকজন ভিন্ন দেশের নাগরিক আহত হয়েছেন এবং অন্তত একজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের তাৎক্ষণিকভাবে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস তাদের চিকিৎসার খোঁজখবর রাখছে এবং সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি করছে।উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত সরকার একটি জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, রকেট বা ড্রোন হামলা এবং তা প্রতিহত করার ঘটনার কোনো ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইন অনুযায়ী কঠোরভাবে দণ্ডনীয় অপরাধ।কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরনের ছবি বা ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন ফেসবুক, টিকটক) প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য দূতাবাস বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।এদিকে, আকস্মিক এই সংকটের কারণে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কুয়েতে বসবাসরত রক্তদানে সক্ষম সকল প্রবাসী বাংলাদেশিকে দ্রুত রক্তদান করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি অন্যদেরও রক্তদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।