হাফিজুর রহমান কালিগঞ্জ থেকেঃ
কথায় আছে না চোরের দশ দিন, আর গৃহস্থের একদিন অনুরূপ বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার প্রলোভনের ফাঁদে ফেলে বিভিন্ন গ্রামে যেয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মিজান এবং আবু সালেক নামে প্রতারক চক্রের ২ সদস্যকে জনতা ধরে পুলিশের সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ৩ মে বেলা ১১টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগুরালি গ্রামে। আটককৃত প্রতারক চক্রের সদস্যরা হলো ভাড়া সিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আজগর আলীর পুত্র মিজানুর রহমান (৪২) এবং একই গ্রামের আব্দুল ওহাবের পুত্র আবু সালেক( ৪৫)। উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয়ে প্রতারক দলের মিজান এবং আবু ছালেক দীর্ঘদিন যাবত বিভিন্ন গ্রামে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিশু কার্ড, সহ বিভিন্ন ভাতার কার্ড তৈরি করে দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিল। গত কয়েক দিন আগে বিশালক্ষী গ্রামের আবু বক্কারের স্ত্রীকে গর্ভবতী কার্ড দেওয়ার নামে দেড় হাজার টাকা হাতিয়ে নেয়,। এছাড়াও শফিকুলের নিকট থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে ১০০০ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া ডাক্তারের সিল দিয়ে প্রতারণা করে আসছিল। বিষয়টি জানাজানি হলে গত কাল শনিবার বেলা আনুমানিক ১১টার সময় মাগুরালি গ্রামের ময়নার নিকট থেকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার নামে দেড় হাজার টাকা এবং জহর আলীর স্ত্রী আনোয়ারার এর নিকট থেকে ১৮০০ টাকা হাতিয়ে নেওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদেরকে আটকে রেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামকে জানায়। ওই সময় চেয়ারম্যান দ্রুত দফাদার পাঠিয়ে ২ প্রতারককে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এ বিষয়ে থানায় খবর দিলে থানা থেকে এসআই প্রদীপ ইউনিয়ন পরিষদ থেকে ২ প্রতারককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।