শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি;সাতক্ষীরার কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতকরণ এবং সরকারি বরাদ্দকৃত পানির ড্রাম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টনের লক্ষ্যে একটি এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে জনকল্যাণ সংস্থার আয়োজনে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।সভাটি পরিচালনা করেন জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়কারী মোঃ মারুফ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভিন।স্থানীয় নাগরিকরা সভায় তাদের মতামতে জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। অনেক এলাকায় মানুষকে প্রতিদিন ২-৩ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। বর্ষা মৌসুমে সংকট আরও প্রকট হয়ে ওঠে। তারা সরকারি ড্রাম এবং পুকুর সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার দাবি জানান।সভায় সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহমেদ বলেন, “সরকারি প্রতিটি বরাদ্দ যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিতরণ হয়, তা আমরা নিশ্চিত করবো।”সভায় বিভিন্ন ওয়ার্ডের নাগরিক প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন। সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এলাকাভিত্তিক সুষ্ঠু বণ্টন কৌশল নির্ধারণের আহ্বান জানানো হয়।