হরমুজ প্রণালির কাছে একটি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বুধবার (৩ জুন) ইরানের সশস্ত্র বাহিনী কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের দাবি, বেসামরিক জাহাজ চলাচল ব্যাহত করতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করতে যুক্তরাষ্ট্র যে সমস্ত ঘাঁটি ব্যবহার করছে, সেগুলোকে লক্ষ্য করেই এই জোড়া হামলা চালানো হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের তাৎক্ষণিক এবং নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, নিষেধাজ্ঞা এবং যুদ্ধ চাপিয়ে যা অর্জন করা সম্ভব হয়নি, তা আরও বড় যুদ্ধ বাধিয়ে কখনোই জেতা যাবে না। নিজের এই বিবৃতির পাশাপাশি তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপও শেয়ার করেন, যেখানে রুবিওকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের সহযোগিতার প্রশংসা করতে দেখা গেছে।