পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ায় তার দেশ ‘পাকিস্তানকে বিশ্বাস করে না’ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার। তিনি অভিযোগ করেন, পাকিস্তান বিভিন্ন সময়ে ‘ইহুদিবিদ্বেষী’ মন্তব্য করেছে।সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক কূটনীতি এবং পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা করেন ভারতে নিযুক্ত এই ইসরাইলি রাষ্ট্রদূত। আজারের মতে, অতীতে পাকিস্তানের কিছু অবস্থান ও বক্তব্য ইসরাইলের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে।সাক্ষাৎকারে আজার পাকিস্তানের আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পাকিস্তান এখনো এই অঞ্চলে ইসরাইলের অস্তিত্বের অধিকার স্বীকার করে না। ফলে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে কোনো উদ্যোগের আগে এ বিষয়ে তাদের অবস্থানে মৌলিক পরিবর্তন প্রয়োজন।