নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। সেই মর্মান্তিক ঘটনার ৫১ বছর পূর্ণ হলো আজ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। একই ঘটনায় তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল নিহত হন।
এদিন বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, তাঁর সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকও হত্যাকাণ্ডের শিকার হন।
একই দিনে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি হত্যাকাণ্ডের শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসভবনেও হামলা চালানো হয়। ওই ঘটনায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যসহ আরও অনেকে নিহত হন।তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।
১৯৭৫ সালের ১৫ আগস্টের এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ও আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত। প্রতিবছর এ দিনটি ঘিরে বঙ্গবন্ধু ও নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে।