পাটকেলঘাটা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৫-৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১২ আগস্ট) রাতে নগরঘাটার পোড়ার বাজার রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে হামলার ঘটনায় কয়েকজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিক হুসাইন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং তাদের ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয় এবং এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়।এহামলার ঘটনায় আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় হামলার প্রকৃত কারণ এবং কারা হামলার সঙ্গে জড়িত—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে প্রকাশ করা হবে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।