নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে নাছরিন আক্তার ওরফে শারমিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি প্রকৃতপক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স না হয়েও দীর্ঘদিন ধরে নার্সের পরিচয় ব্যবহার করে আসছেন।
অভিযোগকারীদের দাবি, ০১৭৬৪-১৭৮৮৪১ নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নার্সের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও পরিচয় স্থাপন করা হচ্ছে। এমনকি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সের পরিচয় ব্যবহার করে শহরের পুলিশ লাইনের সামনে পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসায় কথিত অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং নার্সদের ছবি ও পেশাগত পরিচয়ের অপব্যবহার বন্ধের দাবিতে নার্স কর্তৃপক্ষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ব্যক্তি প্রকৃত নার্স না হয়েও নার্সের পরিচয়, ছবি ও কর্মস্থলের নাম ব্যবহার করে প্রতারণা বা অন্য কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায় প্রকৃত নার্স সমাজের ওপর বর্তায় না। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দৈনিক সোনার বাংলাদেশে পত্রিকার সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সাতক্ষীরায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ওই নারীর নার্স পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, নাছরিন আক্তার ওরফে শারমিন নামে ওই নারী সেখানে নার্স হিসেবে কর্মরত নন।
তাই তার ব্যবহৃত মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ প্রোফাইল, নার্সের ছবি এবং মেডিকেল কলেজ হাসপাতালের নাম ব্যবহারের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন নার্স কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা।