নিজস্ব প্রতিবেদক ;সাতক্ষীরা
সাতক্ষীরা সদর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক মহোদয়ের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে অনশন কর্মসূচি পালন করছেন আলোচিত সংবাদকর্মী মোস্তাফিজুর রহমান। তিনি ঘোষণা দিয়েছেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজ বাড়িতে এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।জানা গেছে, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজের দাবি, একজন পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।এদিকে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সংগঠনের নেতৃবৃন্দও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সত্য প্রকাশে সাহসী ভূমিকা পালনকারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন সংবাদকর্মী যদি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে অনশনে বসতে বাধ্য হন, তবে তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়।সাংবাদিক সমাজ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিক মোস্তাফিজুর রহমানের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক এ ধরনের পরিস্থিতির শিকার না হন।স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে।