
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আওতাধীন বিভিন্ন এলাকায় এক ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক গ্রাহকের অভিযোগ, স্বপন নামে ওই ইলেকট্রিশিয়ান নতুন বিদ্যুৎ সংযোগের নামে সরকার নির্ধারিত ফির চেয়ে ৪/৫ গুণ বেশি টাকা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, “ঘুষের টাকা না দিলে অহেতুক কারণ দেখিয়ে মিটারের আবেদন বাতিল করা হয়, অথবা ৩-৪ কিলো লোড দিয়ে অনুমোদন দেওয়া হয়।”
এছাড়া স্থানীয়দের একাংশের অভিযোগ, তিনি পবিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এই কাজ করেন। তবে এই অভিযোগের স্বপক্ষে এখন পর্যন্ত কোনো লিখিত প্রমাণ বা অফিসিয়াল কাগজপত্র আমাদের হাতে আসেনি। ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের সাথে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, সেটিও স্থানীয়দের মৌখিক অভিযোগ।
অন্যদিকে, “দৈনিক ভোরের চেতনা” পত্রিকায় এ সংক্রান্ত অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর ওই সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি ও মিথ্যা মামলার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। তার অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একটি কম্পিউটারের দোকানে বসে প্রকাশ্যে তাকে গালিগালাজ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত স্বপনের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।
এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা বলেন, “লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইলেকট্রিশিয়ানের লাইসেন্স যাচাইয়ের দাবি জানিয়েছেন।