
পাটকেলঘাটা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) তাকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার মামলা নং-০৬/৬০, তারিখ ১৩ জুন ২০২৬ ইং-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৬(২)(৩), ৮, ৯, ১১ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।
পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে থানাধীন সেনেরগাতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. শহিদুল ইসলাম (৫০) পাটকেলঘাটা উপজেলার পাঁচপাড়া (সেনেরগাতী) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শহিদুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করা ১ নম্বর ধান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রমের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ করে কেউ ছাড় পাবেন না: ওসি
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফাজ্জল হুসাইন বলেন, “অপরাধ করে কেউ আইনের আওতা থেকে ছাড় পাবেন না। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধী অন্যায় করে পার পাবেন না।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।