
নিজস্ব প্রতিবেদক দৈনিক সোনার বাংলাদেশ;
ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক সচিব এবং বর্তমানে বনগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ট্রেড লাইসেন্সে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও বদলি বাণিজ্যের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগগুলোকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সরকারি চাকরিতে তার মাসিক বেতন প্রায় ২৩ হাজার ৫০০ টাকা হলেও ঢাকার মতো ব্যয়বহুল এলাকায় তিনি দুটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। স্থানীয়দের প্রশ্ন, সরকারি বেতনের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য কতটুকু এবং সম্পদের উৎস কী।
স্থানীয় সূত্রে আরও অভিযোগ রয়েছে, ট্রেড লাইসেন্স ইস্যুতে অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া ঢাকা জেলার ইউপি সচিবদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে বদলি বাণিজ্যে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে এসব অভিযোগের বিষয়ে মো. আবুল কালাম আজাদের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।