
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ ঘোষের বিরুদ্ধে ভোট কারচুপি, সরকারি মামলার আসামিদের কাছ থেকে অর্থ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি স্থানীয় একাধিক ব্যক্তি এসব অভিযোগ উত্থাপন করে তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।অভিযোগে বলা হয়, বিগত সরকারের সময় বিভিন্ন মামলার আসামিদের সরকারি মামলা থেকে অব্যাহতি ও জমি সংক্রান্ত সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা আদায় করা হয়েছে। এছাড়া তালা উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকেও বিভিন্ন অজুহাতে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, কুমিরা হাই স্কুলে ক্যাশিয়ার নিয়োগকে কেন্দ্র করেও আর্থিক অনিয়ম হয়েছে। অভিযোগকারীরা জানান, নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে অর্থের বিনিময়ে পদায়নের চেষ্টা করা হয়েছে।এছাড়া কয়েকটি সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, স্থানীয়দের ওপর প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেক ব্যক্তি প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।অভিযোগে আরও বলা হয়, চেয়ারম্যান সনৎ ঘোষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদের উৎস ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন অভিযোগকারীরা।এ বিষয়ে চেয়ারম্যান সনৎ ঘোষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।