নিজস্ব প্রতিবেদক ;দৈনিক সোনার বাংলাদেশ;ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। একই সঙ্গে অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়েছে।এর আগে প্রতিবাদ কর্মসূচিতে শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, বাঙালি জাতির ইতিহাস ও স্বাধীনতার চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ঘিরে কোনো ধরনের বাধা বা বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। তিনি বলেন, “৭ মার্চ বাঙালির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনের ভাষণ জাতিকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তিযুদ্ধের প্রেরণা জুগিয়েছিল। তাই এই ভাষণ প্রচার বা স্মরণ করা দেশের মানুষের অধিকার।”প্রতিবাদের সময় উপস্থিত শিক্ষার্থীরাও বলেন, দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান জানানো সবার দায়িত্ব। তারা যেকোনো ধরনের ইতিহাস বিকৃতি বা স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুনতাজ্জুল ইসলাম। তিনি দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকাকে বলেন, “শেখ তাসনিম আফরোজ ইমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি অতীতে ছাত্রলীগের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন।”তিনি আরও বলেন, “ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী আইনে মামলা দেওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানাই।”তিনি আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মহানায়ক। তার ঐতিহাসিক ভাষণ জাতিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল। সেই ভাষণ প্রচারের কারণে কাউকে হয়রানি করা জাতির ইতিহাসের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।