এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের প্রতিবাদ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও প্রচার করা হচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও তৈরি করা সম্ভব, যা অনেক ক্ষেত্রে বাস্তব ঘটনার সঙ্গে বিভ্রান্তির সৃষ্টি করে। ঠিক তেমনি, সাতক্ষীরার কিছু প্রভাবশালী নেতা বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে , দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদার-এর ছবি ব্যবহার করে একটি অস্পষ্ট ও কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি অন্য একজনকে ইয়াবা সেবন করিয়ে দিচ্ছে বলে প্রচার করা হচ্ছে। তবে ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্টভাবে বোঝা যায় যে, যাকে আমার পরিচয়ে উপস্থাপন করা হয়েছে তার মুখমণ্ডল অস্পষ্ট, ঘোলাটে এবং স্পষ্টভাবে শনাক্ত করা যায় না। এছাড়াও, ভিডিওতে উক্ত ব্যক্তিকে কোনো মাদক সেবন করতেও দেখা যায় না। এটি সম্পূর্ণভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা বলে আমি মনে করি।আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করা এবং সাংবাদিকতা কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে আমার বিশ্বাস।
আমি প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যে, আমার নাম-পরিচয় ব্যবহার করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে, তাদের দ্রুত শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
প্রতিবাদকারী:
আল আমিন সরদার
সম্পাদক ও প্রকাশক
দৈনিক সোনার বাংলাদেশ