তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আবু বকর সিদ্দীক। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে তালা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং থানায় আগত সেবাপ্রত্যাশীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
নবাগত ওসি মোঃ আবু বকর সিদ্দীক বলেন, থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি দায়িত্ব পালনে তালা উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
নবাগত ওসির যোগদানে তালা থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।