জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের টনকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি টনকি এলাকায় পৌঁছালে ওই কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মেলান্দহের টনকি এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।