নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে টিসিবির ডিলারশিপ নিয়ে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ছাত্রদল নেতা শেখ আলামিন হোসেন।
তিনি বলেন, টিসিবির নির্ধারিত সব শর্ত পূরণকরে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েই তিনি ডিলারশিপ লাভ করেছেন। কোনো ভুয়া তথ্য বা জাল কাগজপত্র ব্যবহার করা হয়নি।
শেখ আলামিনের দাবি, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থে তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং তিনি নির্দোষ প্রমাণিত হবেন।
তিনি আরও বলেন, টিসিবির ডিলার হিসেবে সাধারণ মানুষের কাছে সুষ্ঠুভাবে ন্যায্যমূল্যের পণ্য পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। আইন ও বিধিমালা অনুসরণ করেই তিনি ডিলারশিপ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে কোনো লিখিত তদন্ত হলে বিধি অনুযায়ী বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন হওয়া উচিত।