স্টাফ রিপোর্টারঃ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুই পুলিশ সদস্য হলেন, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন। আর নাজমুল ইসলাম পুলিশ লাইন্সে অবস্থিত ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।জেলা গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে জেলা পুলিশের একটি সূত্র জানায়, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।সূত্রটি আরও জানায়, সম্প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির অভিযোগের বিষয়টি উঠে আসে। এরপর গোয়েন্দা নজরদারি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধারের পর মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে আটক দুই পুলিশ সদস্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য ও তাদের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।