
হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: দ্বাদশ সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা -১০৬ শ্যামনগর কালিগঞ্জ (আংশিক)-৪ আসনে বিভিন্ন দলের ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ঐদিন সকাল থেকে প্রার্থীরা দলীয় নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে সাতক্ষীরা জেলা রিটানিং অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও সহকারী রিটার্নিং অফিসার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমা দানকারীরা হল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন, অন্য জন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী মামুদা খানম মেধা দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জাতীয় পার্টির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মথুরেশ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টির সাবেক হুইপ এবং সাবেক সংসদ সদস্য এইচ,এম গোলাম রেজা এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় জাতীয়তাবাদী আন্দোলন বি, এন, এম তে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, একই দলের তৃণমূল বিএনপি'র ডক্টর আসলাম আল মেহেদী ও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপল পার্টির শেখ একরামুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজানুর রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন।